ভারত, প্রস্তাবিত বিদেশী অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনী সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীন বিষয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল আজ নতুন দিল্লীতে এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশী অনুদান নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, বেসরকারী সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা নেই। সরকার এ ধরণের অনুষ্ঠানে কথিত বক্তব্য সমর্থন করেন না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইজরায়েলের দিক থেকেই ফোন কলটি করা হয়েছিল। সেদেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ক বিদ্যমান বলেও শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন।
ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লী বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যেকোনো পরয়োজনে সহায়তার জন্য ২৪ ঘন্টার হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েকমাস ধরেই এই হেল্পলাইনগুলি চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলে তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে।
পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির ওপর লক্ষ্য রেখে চলেছে। ভারত আফ্রকা ফোরাম শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে ভারত আগ্রহী। যত দ্রুত সম্ভব এই সম্মেলনের সম্ভাব্য দিক=নক্ষন স্থির করা হবে বলে জয়সওয়াল জানান।