ভারত ও রোমানিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি-পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব সাত দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারত-রোমানিয়া অংশীদারিত্ব ক্রমাগত শক্তিশালী হয়েছে। তিনি বলেন, তাঁর ও রোমানিয়ার রাষ্ট্রপতির মধ্যে অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় দেশই তাদের নিজ নিজ অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বাড়াতে সম্মত হয়েছে। ভারত ও রোমানিয়া আগামী তিন বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাষ্ট্রপতি বলেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি শিল্পক্ষেত্র এবং দক্ষ পেশাজীবীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করবে। তিনি জানান, উৎপাদন শিল্প, ওষুধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, কৃষিপণ্য উৎপাদন, সার, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে ভারত ও রোমানিয়া সম্মত হয়েছে।
News On AIR | July 24, 2026 11:48 AM
ভারত ও রোমানিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।