ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল পৃথিবী, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ,রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসাব-নিকাশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত-ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন। তিনি বলেন, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভারত ভিয়েতনামের প্রাচীন চম্পা সভ্যতার মাই সন এবং নান তাউ মন্দির পুনরুদ্ধার করছে। প্রধানমন্ত্রী বলেন, গত বছর, যখন ভারত থেকে বৌদ্ধ ধ্বংসাবশেষ ভিয়েতনামে গিয়েছিল, তখন ভিয়েতনামের মোট জনসংখ্যার প্রায় ১৫শতাংশ মানুষ এর দর্শন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইউপিআই এবং ভিয়েতনামের দ্রুত লেনদেন ব্যবস্থাকে শীঘ্রই সংযুক্ত করা হবে। তিনি বলেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভিশন ওশানের মূল স্তম্ভ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও উভয় পক্ষই অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, ভিয়েতনামের সহযোগিতায় ভারত আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও প্রসারিত করবে। প্রধানমন্ত্রী বলেন, পহেলগাম জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ভারত ভিয়েতনামের প্রতি কৃতজ্ঞ।
ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বলেন, ভিয়েতনাম ভারতের সঙ্গে ৫০ বছরের সম্পর্কের পাশাপাশি ১০ বছরের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ফলাফলকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতা মোকাবিলায় উভয় পক্ষই কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং উন্নয়ন কৌশলকে একসঙ্গে যুক্ত করবে।