May 28, 2026 1:05 PM

printer

ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।

ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত-চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা ডব্লিউএমসিসির ৩৫তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশমন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়ানকি।

বিদেশমন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দু’পক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায়, তার ওপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ।

বৈঠকে উভয় পক্ষই ২৪তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি, চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দু’দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান, চীনা বিদেশমন্ত্রকের এশীয় বিষয়ক বিভাগের মহানির্দেশক লিউ জিনসং-এর সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।