August 8, 2026 8:50 AM

printer

ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে।

পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় ট্রানজাকশন বা লেনদেনের কোনোরকম চার্জ ছাড়াই তাত্ক্ষনিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনোরকম চার্জ দিতে হবে না।

ইউপিআই-এর সঠিক কার্যকারিতা বজায় রাখতে ব্যাঙ্ক, আর্থিক সংস্থা, এনপিসিআই এবং রিজার্ভ ব্যাঙ্ক, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রতারণা ও জালিয়াতি রোধে সব ধরনের উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে।

পেমেন্ট কাউন্সিলের ঐ বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। ইউপিআই-কে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসাবে উল্লেখ করে পিসিআই-এর তরফে এও বলা হয়েছে, অধিকাংশ নাগরিক তা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন।

ইউপিআই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ, নিরাপত্তা, উদ্ভাবন ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রেরও বিকাশ হচ্ছে এবং আগামী দিনে ব্যবসায়ী ও উপভোক্তাদের জন্য ইউপিআই এক অত্যাবশ্যক পরিষেবা হিসাবে আত্মপ্রকাশ করবে বলেও পিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।