ভারতীয় আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজ-এর ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি স্কুল থেকে ৪০ জন ছাত্র-ছাত্রী একটি চিত্র কর্মশালায় অংশ নেয়, বিষয় ছিল জাতীয় স্তোত্র বন্দে মতরাম এর স্বার্ধ শতবর্ষ।
১৯০৬ সালের ২৫মে বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামতে দেননি রামকিঙ্কর। পরবর্তীতে শান্তিনিকেতনের কলাভবনে যোগ দিয়ে তিনি ভারতীয় শিল্পকলায় এক নতুন যুগের সূচনা করেন।
ভারতীয় আধুনিক ভাস্কর্যের “জনক” হিসেবেও পরিচিত রামকিঙ্কর বেইজ তাঁর শিল্পে তুলে ধরেছিলেন সাধারণ মানুষের জীবন, শ্রম এবং সংগ্রামকে। তাঁর বিখ্যাত সৃষ্টি ‘সাঁওতাল পরিবার’, ‘মিল কল’ কিংবা ‘যক্ষ-যক্ষী’ আজও ভারতীয় শিল্পকলার ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত। স্থানীয় মাটি, মোরাম, বাঁশের লাঠি, সিমেন্ট ব্যবহার করে বৃহৎ আকারের ভাস্কর্য নির্মাণে তিনি ছিলেন একেবারেই ব্যতিক্রমী।