July 29, 2026 9:14 PM

printer

বীরভূমের মহম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা এবং  ১৫ কেজি সোনা উদ্ধার করেছে।

‎বীরভূমের মহম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা এবং  ১৫ কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমান প্রায় ২০ কোটি।  

পাথর ব্যবসায়ী টুলুর মন্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে‎‎ গতরাত থেকে এখনও পর্যন্ত পুলিশ তল্লাশি চালাচ্ছে। নিয়ে যাওয়া হয়েছে পাঁচটি নোট গোনার যন্ত্র এবং পাঁচ টি বড় ট্রাঙ্ক। জানা দেওয়ালে থরে থরে টাকার বান্ডিল সাজানো ছিল। পুলিশ সূত্রে জানা গেছে শুধু বাড়ির মধ্যে থাকা আলমারিতেই নয় বেশ কয়েকটি গোপন কুঠুরি এবং গোপন জায়গা থেকেও উদ্ধার হয়েছে টাকা।

একসময় সরকারি বাসের চালক মিনার, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। টুলুর একাধিক খাদানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত মিনার।

আমাদের জেলা সংবাদদাতা বীরভূম পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছেন, মিনার মন্ডলের কাছে বেশ বড় অঙ্কের টাকা গচ্ছিত রয়েছে বলে জানতে পারে পুলিশ।

‎টাকা উদ্ধারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা বলেন, আরও অনেক  তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে টাকা পাওয়া যাবে। সেই টাকা রাজ্যের কোষাগারে এলে রাজ্য সরকারের যা ঋণ আছে তা মিটে যাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে।  সরকারি সম্পতি বা জনগণের টাকা যারা লুট করে বিপুল সম্পত্তি করেছে, তাদের কাউকে রেয়াত করা হবে না।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।