বীরভূমের তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং মন্দিরের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকে আরও সুসংগঠিত করতে একগুচ্ছ নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্দির প্রশাসন। দর্শন, পূজা, ভোগ এবং আরতির সময়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নতুন সময়সূচী অনুযায়ী, পুণ্যার্থীদের জন্য ভোর ৫টা ৩০ মিনিট থেকে পূজা ও দর্শন শুরু হবে। বেলা সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মায়ের মধ্যাহ্ন ভোগের জন্য গর্ভগৃহে প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে। প্রতিদিন ঠিক সন্ধ্যা ৬টায় মায়ের আরতি শুরু হবে। আরতি চলাকালীন প্রবেশ বন্ধ থাকবে এবং তা শেষ হলে সন্ধ্যা ৭টা থেকে পুনরায় ভক্তরা ঢুকতে পারবেন।