বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমানসংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি (এসওপি) জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমানসংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্ব-ঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাব্যথা, গলা ব্যাথা, বমি, ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীদের জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছনোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে সেই যাত্রীকে সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করতে হবে।
দেশে ফেরার ২১ দিনের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। ত্রিস্তরীয় মাস্ক, ডিসপোসেবল গ্লাবস, পিপিই কিট, হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমানসংস্থাগুলিকে।