তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, ফ্রান্সকে হারিয়ে, চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিলো ইংল্যান্ড। গতরাতে, তারা ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড ৪ গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ৩ মিনিটে ডেক্লান রাইস, ১৮ মিনিটে এজরি কনসা, ৩৭ মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর, দ্বিতীয়ার্ধে, ৪৮ ও ৬৬ মিনিটে এমবাপে ও ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে, তাঁর হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে, আবার একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম গোল করে ব্যবধান বাড়ান।
একাধিক রেকর্ডের সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট ১০ টি গোল করেছে। এর আগে, এই রেকর্ড ছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স ৬-৩ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়।
এছাড়া, নিজের জোড়া গোলের ফলে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
চলতি বিশ্বকাপেও, সর্বোচ্চ গোলদাতা হিসেবে, প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে ১০ টি গোল করলেন এমবাপে। দ্বিতীয় স্থানে ৮ টি গোল করে, রয়েছেন লিওনেল মেসি। ফাইনালে, এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর।
এছাড়াও, ১৯৭০ সালের বিশ্বকাপে, পশ্চিম জার্মানির গার্ড মুলারের একটি আসরে, ১০ টি গোলের রেকর্ডও ছুঁলেন এমবাপে।
এদিকে, আজ, ফাইনালে আর্জেন্টিনা, রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায়। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে, খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে, তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি, ১৯৩৪ ও ১৯৩৮ এবং ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে।