January 12, 2026 11:44 PM

printer

বিশিষ্ট বাংলাদেশী গায়ক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর জেল হেফাজতে মৃত্যু হয়েছে।

বিশিষ্ট বাংলাদেশী গায়ক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর জেল হেফাজতে মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে অবহেলা করার পাশাপাশি চিকিৎসার সুযোগ না দেওয়ার অভিযোগ করা হয়েছে। ১৯৮০-র জনপ্রিয় গায়ক প্রলয় চাকী, তাঁর ভাই মলয় চাকীর সঙ্গে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন (বি-টিভি)-তে গান পরিবেশন করতেন। সামলেছেন পাবনা জেলার আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও। গত বছরের ১৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কথিত একটি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে তাঁর পাবনার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

পাবনা জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট ওমর ফারুক বলেছেন, রবিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রলয় চাকী মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ডায়াবেটিস এবং অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়।

প্রলয় চাকীর মৃত্যুতে বাংলাদেশের বহু বিশিষ্ট সংগীতশিল্পী শোক প্রকাশ করেছেন।