বিভিন্ন ক্ষেত্রে এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. পি.কে. মিশ্রের সভাপতিত্বে সেবা তীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে পনেরোটিরও বেশি মন্ত্রকের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
ড. মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করার এবং রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে মৌসুমি বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।
বৈঠক চলাকালীন, আবহ দপ্তরের আধিকারিকেরা জুন – জুলাই মাসের এই পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আই এম ডির মহানির্দেশক দেশে মৌসুমি বায়ুর বিস্তৃতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এল নিনোর প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।