বিধানসভায় দৃষ্টি আকর্ষণী ও উল্লেখ পর্বে ওঠা বিভিন্ন জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। বিধানসভার অধিবেশনে আজ তিনি জানান, বিধায়কদের উত্থাপিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরের সচিবদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর সেই কাজের অগ্রগতি বা কমপ্লায়েন্স রিপোর্টও প্রকাশ করা হবে।
অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, অতীতে বিধানসভায় বিধায়কদের বক্তব্য ও মর্যাদাকে এ ভাবে গুরুত্ব দেওয়ার নজির ছিল না। বিধায়কদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের উত্থাপিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজকের অধিবেশনে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, পানীয় জল ও জলনিকাশি প্রসঙ্গে বলেন, এলাকার ১১টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডেই পানীয় জলের সমস্যা রয়েছে। বিশেষ করে ১২২ নম্বর ওয়ার্ডে তীব্র জলসংকট তৈরি হয়েছে। রয়েছে, অল্প বৃষ্টিতে জল জমার সমস্যাও।
এর জবাবে নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পাইপলাইন পরিবর্তনের মতো স্থায়ী পরিকাঠামোগত কাজ আগামী দু’-তিন মাসের মধ্যে সম্ভব নয়। তবে আপাতত মোটর বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ছোট ছোট নিকাশি নালাগুলি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।