বিদেশ মন্ত্রক কৃষ্ণ সাগর (Black Sea) অঞ্চল দিয়ে চলাচলকারী বা সেখানে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের ওই অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কৃষ্ণ সাগর ও এর সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল নয়। এই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ বিভিন্ন ধরনের সংকটের মুখে পড়ছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা বেড়েছে এবং এর ফলে পাঁচজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা নিয়োগকর্তা, নিয়োগকারী সংস্থা এবং জাহাজ পরিচালনাকারীদের কাছ থেকে জাহাজের সম্ভাব্য যাত্রাপথ, যাত্রাপথে থামার বন্দর (ports of call), নিরাপত্তা ব্যবস্থা, বিমা সুবিধা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
ভারতীয় নাগরিকদের ‘ডাইরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা নিয়মিত অনুসরণ ও মেনে চলতে অনুরধ করা হয়েছে। এছাড়া যেসব ভারতীয় নাগরিকের সহায়তার প্রয়োজন হবে, তাঁদের ওই অঞ্চলের ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটগুলোর সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে ।