বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর দক্ষিণ কোরিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সে-দেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক সহযোগিতা, জাহাজ নির্মাণ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্টআপ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে বার্তালাপ হয়। ড. জয়শঙ্কর, চো হিউনকে ‘ভারত-দক্ষিণ কোরিয়া যৌথ কমিশন’-এর পরবর্তী বৈঠকে যোগদানের জন্য তাঁর সুবিধাজনক কোনও সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
বিদেশমন্ত্রক জানিয়েছে, উভয় মন্ত্রীই ‘ভারত-দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’কে এগিয়ে নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।
সফরকালে ড. জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিচালক উই সুং-ল্যাকের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।