বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন , বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বহুপাক্ষিকতার লক্ষ্যে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডঃ জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে, প্রতিটি দেশকে কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগ কাজ করতে হবে।
ডঃ জয়শঙ্কর আরও বলেন যে, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।