বিজেপি, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃতপক্ষে তা হয়নি। আশির দশক থেকে তৎকালীন সরকারের শিল্প বিরোধী মনোবৃত্তির ফলে প্রায় ৮৬ হাজার কারখানা বন্ধ করে দেওয়া হয়। হাওড়া ও উত্তর ২৪পরগনায় পাটকল, কাগজ কল সহ কারখানাগুলিতে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির মাধ্যমে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি হয় এবং সরকার একটি শিল্পোন্নত রাজ্যকে শ্মশানে পরিণত করে। এর ফলে দেশ ও বিদেশের বিভিন্ন শিল্প সংস্থাগুলি এরাজ্যে শিল্প গড়তে আগ্রহী থাকলেও এখান থেকে চলে যায়। এরপর থেকে ক্রমশ রাজ্যে শিল্পের অধগতি হয় এবং কর্মসংস্থান বন্ধ হয়ে যায়।
এরপর তাদেরই উত্তরসূরী হিসেবে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে কাটমানি,সিন্ডিকেট ও তোলাবাজির সংস্কৃতি প্রতিষ্ঠা এবং টাটা সংস্থাকে এরাজ্য থেকে বিতাড়িত করে।
রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্পকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র দু মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্প ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।