বার্লিনে ‘প্রাইড’ উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। মৃতের নাম আব্দুল বাল্লুত একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পরে বার্লিন শহর জুড়ে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বার্লিনের সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি এরআগেও উগ্রবাদী সংগঠন ‘ইসলামিক স্টেট’-এ যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন।
শনিবার রাতে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান চলাকালীন সংলগ্ন একটি পার্কের কাছে এই হামলায় ১ জন নিহত এবং ২৯ জন আহত হয়। আব্দুল বাল্লুত প্রথমে উপস্থিত জনতার উপর ভ্যান দিয়ে ধাক্কা দেন, পরে অনুষ্ঠানে উপস্থিত মানুষদের উপর ছুরি দিয়ে হামলা চালান। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট, এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন।