May 29, 2026 5:57 PM

printer

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য  বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তীপুর এলাকাতেও উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে।  সিনিয়র পুলিশ ও প্রশাসনিক কর্তারা পিরোজপুরের ওই আবাসন প্রকল্প পরিদর্শন করেন বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে দাবি, বর্তমানে যেসব হোল্ডিং সেন্টার চালু রয়েছে সেখানে আটক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কংক্রিটের ভবনে থাকার ব্যবস্থা, পর্যাপ্ত পাখা, নিয়মিত খাবার রাখা হয়েছে। শিশুদের দুধ ও বেবি ফুডও দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন পোশাক, স্নানের সাবান এবং শ্যাম্পুও বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের ১১টি স্থানে চালু হওয়া বিশেষ ‘হোল্ডিং সেন্টার’-এ বর্তমানে ৩৮৬ জন রয়েছেন।