বজ্রপাতের ঘটনায় আজ পশ্চিমবঙ্গে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাঁকুড়ার বড়জোড়া এবং রায়পুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, দেউচা গ্রামের বাসিন্দা ৫২ বছরের তপন বড়ু ঝড়বৃষ্টি চলাকালীন জমির কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় তিনি বজ্রাহত হন।
অন্যদিকে, রায়পুরে সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মী মণিমালা হাঁসদা এবং তাঁর বোন স্কুটিতে করে বাড়ি ফেরার পথে বজ্রাহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
হাওড়ায় আমতার সোনামুই গ্রামেও, স্নান করতে যাবার সময়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে সুশান্ত রায় নামে বছর ৩৫-এর এক ব্যক্তির |
জগৎবল্লভপুরের হরিনারায়ণপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ৩ জন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মানবেন্দ্র মণ্ডল ও অনুপ করকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন|
আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।