প্রিভেনশন টু ইন্সাল্টস (সংশোধন) বিল, ২০২৬ আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে। ১৯৭১ সালের প্রিভেনশন টু ইন্সাল্টস আইন–কে সংশোধনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। প্রস্তাবিত এই বিলটির উদ্দেশ্য হলো, জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্’-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়েরই বিধান রাখা হয়েছে।
আলোচনা শুরু করে বিজেপি সাংসদ ডঃ রাধামোহন দাস আগরওয়াল বলেন, গত ১২৩ বছর ধরে ‘বন্দে মাতরম্’ গানটিকে অবমাননা করা হয়েছে। তিনি আরও বলেন, এই গানটিতে অনুপ্রাণিত হয়েই দেশের বিপ্লবীরা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। শ্রী আগরওয়াল অভিযোগ করেন, ১৯২৩ সালে কংগ্রেসের এক অধিবেশনে তৎকালীন কংগ্রেস সভাপতি বন্দে মাতরমের প্রতি অনাদর প্রকাশ করেছিলেন।
(YSRCP)-র গোল্লা বাবুরাও, কক্ষের সকল সদস্যকে জাতীয় স্তোত্রকে সম্মান জানানোর আহ্বান জানান। বিলটি আনার জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিলটি সংক্রান্ত আলোচনা বর্তমানে রাজ্যসভায় জারি রয়েছে।