প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, প্রতিটি সিদ্ধান্ত ও নীতি সাধারণ মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন যে, পরিকাঠামো ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ হলেও দেশীয় প্রযুক্তির বিকাশে সমান অগ্রাধিকার দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, জ্বালানি নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, উদ্ভাবন, দ্রুত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এছাড়া তিনি কর্মপদ্ধতির সংস্কার, কর্ম সংস্কৃতির বিকাশ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।