প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা, দু’দেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ।
অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সেদেশের সরকারী আধিকারিকদের, অনষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি, কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একইসঙ্গে, ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরী হবে। প্রবাসী ভারতীয়দের ১০ হাজারের বেশী সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।