প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ— ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’ দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’-র নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন-প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্র পথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচীর আওতায় এই উদ্দেশে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টি মডেল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।