প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথমদিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসী রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসাবে তাঁর জি সেভেন সম্মেলনেও যোগ দেওয়ার কথা।
এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায়, প্রধানমন্ত্রীকে নেগ্রেসকো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসী ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্য শৈলী পরিবেশন করেন।
সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকো-র সঙ্গে দেখা করবেন।
চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে, জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পর পর ৮টি জি-সেভেন বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।