প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাঁদের মধ্যে আলাপ-আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
শ্রী মোদী ভারত – ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।