প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা, এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে ভারত ও আবুধাবির মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার অধীনে একটি পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৌশলগত খনিজ তেল সঞ্চয়ের ওপরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর সঙ্গে তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের লক্ষ্যে ভিন্ন একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্হিতির মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা মজবুত করতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। দুটি দেশের মধ্যে ভারতের ভাদিনারে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্হাপনের জন্য আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সংযুক্ত আরব আমীরশাহী, ভারতীয় পরিকাঠামো নির্মাণ, RBL ব্যাঙ্ক এবং সম্মান ক্যাপিটালে ৫-শো কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আজ দুপুরে আবুধাবী পৌঁছন। সেদেশের প্রেসিডেন্সিয়াল এয়াপোর্টে রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে একটি আনুষ্ঠানিক সম্বর্ধনা প্রদান করেন। সংযুক্ত আরব আমীরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রী বিমান প্রবেশ করলে সেদেশের F-16 যুদ্ধ বিমান সেটিকে এসকর্ট করে নিয়ে যায়।