প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডি আর ডি ও, ওড়িশার উপকূলবর্তী এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল ‘কুশা’-র প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘কুশা’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নির্দিষ্ট দূরত্ব ও উচ্চতার মধ্যে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, চালকবিহীন আকাশযান নিষ্ক্রিয় করতে সক্ষম।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডি আর ডি ও এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশকে আরও আত্মনির্ভর করে তুলবে।