প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও হায়দ্রাবাদে তাদের অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কমবাস্টর-এর দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথ আরও প্রশস্ত হলো। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কমবাস্টরটি টানা ১ হাজার ২০০ সেকেন্ডের বেশি সময় সচল ছিল, যা গত জানুয়ারি মাসের ৭০০ সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গেছে। দেশীয় প্রযুক্তিতে এই কমবাস্টরটি তৈরি করেছে ডিআরডিও-র ল্যাবরেটরি ডিআরডিএল (DRDL)।
এই বিশেষ সাফল্যে ডিআরডিও এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই সাফল্য দেশের হাইপারসনিক ক্রুজ মিসাইল উন্নয়ন কর্মসূচির জন্য একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।