পূর্ব লেবাননের বেকা ভ্যালি অঞ্চলে গতকাল রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে শক্তিশালী সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী হামলা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও পূর্ব লেবানন ও সংলগ্ন অঞ্চলে হিজবুল্লাহর পরিকাঠামো ধ্বংস তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে । উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রাতভর হামলার পর দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আগামী তিন দিনের মধ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি সেনা প্রতিনিধিদের নির্ধারিত বৈঠক । তার মধ্যেই এই আক্রমনের ফলে উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে । হিজবুল্লাহ জানিয়েছে, যতক্ষণ না ইসরায়েল বিমান হামলা বন্ধ করে এবং লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে, তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের শহরগুলোতে হামলা চালিয়ে যাবে । লেবানন সরকার আশা করছে, হিজবুল্লাহর বিরোধিতা সত্বেও আসন্ন বৈঠকে সম্ভাব্য যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হতে পারে।