পাকিস্তান বিদেশি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণবিধি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, অধিকাংশ এলাকা থেকে খবর সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমন ও কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে। সেখানে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
এতদিন বিদেশি সংবাদদাতারা প্রতিটি ঘটনার প্রেক্ষাপটে আলাদাভাবে অনুমতির আবেদন করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি সাংবাদিকরা কেবল ইসলামাবাদ, লাহোর ও করাচিতে অবাধে কাজ করতে পারবেন। অন্য কোনো এলাকায় সংবাদ প্রতিবেদন, প্রামাণ্যচিত্র, ভিডিও বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির মতো কাজের জন্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।