পাকিস্তান-অধীকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, ২০১৯ এর ৫ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের নিজেদের কালো রেকর্ড এবং সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ঘোরাতেই পাকিস্তান এই ভিত্তিহীন দাবি করছে।