May 18, 2026 9:40 PM

printer

পশ্চিমবঙ্গ সরকার,  অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারী বাসে মহিলাদের বিনামুল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। 

পশ্চিমবঙ্গ সরকার,  অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারী বাসে মহিলাদের বিনামুল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।  রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত  সিদ্ধান্ত গৃহীত  হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল  জানান,নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার, পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।  যেসব মহিলা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন। এস আই আর এ যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনো ট্রাইবুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণার ভান্ডারে নতুনভাবে  আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে।  

এছাড়াও আগামী পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গের  সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুরপাল্লা বা লোকাল বাস, সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে। এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন।

এদিকে, সরকারি কর্মচারীদের জন্যও সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে । আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ২০২৪ সালের ২২ মে-র, রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার এবং তালিকা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি উপ-শ্রেণী বিভাগও বাতিল করা হবে বলে জানানো হয়েছে। নতুন করে সমীক্ষা ও অনুসন্ধানের ভিত্তিতে কোন্ কোন্ গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হবে, সে বিষয়ে রাজ্য সরকার পরে সিদ্ধান্ত নেবে বলে মন্ত্রী জানিয়েছেন ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।