July 9, 2026 12:20 PM

printer

পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে।

পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধিদলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

      কলকাতার তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।  ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে।

 খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা আরও শক্তিশালী করা, শিল্প করিডর ও শিল্প ক্লাস্টারের উন্নয়ন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে সরকার অগ্রাধিকার দেবে।