পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হওয়ার পর, রাজ্যে শিল্প স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে, বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইষ্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, পর পর বেশ কয়েকটি শিল্প কারখানা, রাজ্য জুড়ে গড়ে উঠবে।
১০০ কোটি টাকার বেশী লগ্নীর ক্ষেত্রে বিনিয়োগকারীদের, পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কারখানার গেটে তালা ঝোলানো হলে, হাজত বাস করতে হবে বলে, স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
শিল্পমন্ত্রী তাপস রায়, শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল সহ একাধিক প্রশাসনিক কর্তারা, সেখানে উপস্থিত ছিলেন।