পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদবাজারে, সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে ধৃত পাথর ব্যাবসায়ী মিনার মন্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে।
গত মঙ্গলবার থেকে একটানা অভিযোগ চালিয়ে মিনারের বাড়িতে মজুত সাড়ে ২৮ কোটি নগদ অর্থ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ১৯ ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়। সিল করে দেওয়া হয়, মিনার মন্ডলের বাড়িও। তার স্ত্রী এবং ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে।
বীরভূম জেলার পুলিশ সুপার ভি কে বুন্দেশ জানিয়েছেন মিনার, তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা এবং সোনা টুলু মন্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবী। টুলু মন্ডলের নিজের’ও প্রাসাদোপম বাড়ি রয়েছে। এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকেই টুলু বেপাত্তা বলে খবর।
পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার ৮ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে মহম্মদ বাজার থানার পুলিশ। ওই দলের কাছ থেকেই মিনারের বাড়িতে মজুত এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। এরপরই মঙ্গলবার গভীর রাতে শুরু হয় অভিযান।