নীট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশী নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন, বেলা ১২’টা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে।
রাজ্যসভার অধিবেশন আজ বেলা ১১’টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা
বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ
মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কিমিটির রিপোর্ট’ও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার
মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তাঁর মন্ত্রকে
ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের
পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কিমিটির ২২-তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণান, ‘জিরো আওয়ার’ শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবী জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হই হট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন।
অন্যদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশী নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতির দাবী জানাতে থাকেন। অধ্যক্ষ, সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরীর জন্য সাংসদদের আবেদন জানান। তা সত্বেও বিরোধীদের হই-হট্টগোল্ল চলতে থাকায় সভার কাজ ১২’টা পর্যন্ত মুলতুবি করে দেন।