পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী ২১শে মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঐদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগণনা ২৪শে মে।
উল্লেখ্য ঐ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউনিটে টেপ লাগানো ছাড়াও ভোটারদের ভয় দেখানো, ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজের অনুপস্থিতির মত গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন, ঐ আসনের ২৮৫ টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়।