নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি, আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মত অভিষেক ব্যানার্জী ১২ টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষ্যে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর দেড়টা নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক।
উল্লেখ্য এর আগে আদালত দুবার কন্ঠস্বরের নমুনা দিতে বললেও অভিষেক তা এড়িয়ে যান। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জীকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়। তার রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল আদালত।
এদিকে, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন থানায়, তার নামে অযৌক্তিক অভিযোগ দায়ের করা হচ্ছে বলে উল্লেখ করে অভিষেক ব্যানার্জী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিরোধী রাজনৈতিক কন্ঠস্বরকে দমন করতে রাজনৈতিক প্রতিহিংসা বশত এই অভিযোগগুলি করা হচ্ছে বলে অভিষেকের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য্যকে এবিষয়ে আগামী বুধবার আদালতে রিপোর্ট জমা দেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন। অভিষেকের নামে রাজ্যের কোথায় কতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তা ঐ রিপোর্টে জানাতে হবে।
অন্যদিকে, রাজ্যের মানুষ উন্নয়নে চাইছে, অপরাধীদের বিষয়ে জানতে তারা আগ্রহী নন বলে জানিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।