নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মত মুলতুবি হয়ে গেছে।
লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হইহট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জীকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেন্নেটি বলেন, কল্যাণ বন্যার্জী, মহিলা সাংদদের লক্ষ্য করে, অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন। তা সভার পক্ষে মর্যাদা হানিকর হলেও উল্লেখ করেন শ্রী টেন্নেটি।
সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন। তারপর তা পাশ হয় ধ্বনিভোটে। এরই মধ্যে তুমুল হইহট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।
উল্লেখ্য এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২ টা ও পরে দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতুবির পর বেলা তিনটের সময়ে সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের যুব সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে ইতিবাচক ও সদর্থক আলোচনার পক্ষপাতী বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধীরা মন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হওয়ায় সভায় তুমুল হইহট্টগোল চলতে থাকে। এরই মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।
উল্লেখ্য এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২ টা ও পরে ২ টো এবং তিনটে পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।