দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য পরিষেবা #IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাঁদের সঙ্গে একটি বিশেষ কর্ম শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করেই রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে।
আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসারভারতীর চেয়ারম্যান প্রসূন জোশি, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহা নির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকেরা।