দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি (CCTV), ড্রোন ও বডি-ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে।
যেসব শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।
শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে।
এদিকে, এই রায়ের পরই পশ্চিমবঙ্গের ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত ১৬ জনকে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। এসংক্রান্ত মোট ৭-টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে পাঁচটি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং একটি মামলা ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই ১৬ জনকে গ্রেফতার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এরফলে সকলেরই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে।