তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর প্রাক্তন আপ্ত সহায়ক সুমিত রায়কে আজ তলব করেছে সিআইডি। সকাল ১০ টার মধ্যে তাকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আত্মগোপন করে থাকা সুমিত সেই তলবী নোটিশ হাতে পাননি বলে জানা গেছে। সিআইডির একটি দল সুমিতের খোঁজে তার টালিগঞ্জের বাড়িতে গিয়েছিল। কিন্তু সে বাড়ি না থাকায় সেই নোটিশ তাঁকে দিতে পারেননি তদন্তকারী আধিকারিকরা।
সিআইডি সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি জমি প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে।
এদিকে, সুমিত রায় ইতোমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট –এ একটি করে মামলায় তাঁকে আগাম জামিন মঞ্জুর করা হলেও আরো চারটি FIR দায়ের রয়েছে সুমিতের বিরুদ্ধে। গ্রেফতারীর আশঙ্কা থেকেই ‘রক্ষাকবচ’ চেয়ে আদালতে আর্জি জানিয়েছেন সুমিতের আইনজীবী। ১১’ই অগাস্ট মামলার শুনানি হতে পারে।
অন্যদিকে, অভিষেক ব্যানার্জীও বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ৫’ই অগাস্ট তাঁর বিদেশে যাওয়ার আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী।
এদিকে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক ব্যানার্জি ও তার আপ্ত সহায়ক যে ধরণের কাজ করেছেন, ধীরে ধীরে তার নিদর্শন সকলের’ই সামনে আসছে।নিশ্চিত জেলযাত্রা থেকে বাঁচার জন্যই তারা বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন।
অন্যদিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য্য বলেছেন, অভিষেক ও তার আপ্ত সহায়কের বিরুদ্ধে যা মামলা রয়েছে, সেটা শোনার জন্য পর্যাপ্ত সংখ্যক বিচারপতি আদালতে নেই। এরা সব জায়গাতেই যেভাবে দুর্নীতি করেছে, তাই ভয় পেয়ে রক্ষাকবচ এর জন্য আদালতে দ্বারস্থ হচ্ছে। কিন্তু সেই রক্ষাকবচ তাদের বাঁচাতে পারবে না।