August 8, 2026 8:45 AM

printer

ঝাড়খন্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে

ঝাড়খন্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দেড় ঘন্টার ঐ বৈঠকে ছাত্রদের ১০ সদস্যের ঐ প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা। সরকারের তরফে বৈঠকে ছিবেন রাজ্যের চার মন্ত্রী এবং ডেভেলপমেন্ট কমিশনার। পরে তারা সাংবাদিকদের বলেন, সরকার ছাত্রদের দাবিদাওয়া সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নেবে। বৈঠকে উত্থাপিত সমস্ত বিষয় মুক্যমন্ত্রীর গোচরে আনা হবে বলেও তারা উল্লেখ করেন। ছাত্রদের তরফেও এই আলোচনাকে ইতিবাচক হিসাবে অবিহিত করা হয়েছে। তবে তাদের দাবি সম্পর্কে কোনো লিখিত সিদ্ধান্ত এবং উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ ও অনশন প্রত্যাহার করা হবে না বলেও পড়ুয়াদের পক্ষে জানানো হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে।

অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, ১৩ই আগস্টের মধ্যে সঠিক কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে এব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানানো হবে।

এদিকে  এই ঘটনার তদন্তকারী সিআইডি ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্যকে জিজ্ঞাসাবদের জন্য তলব করেছে। ইতোমধ্যেই তারা গ্রেপ্তার করেছে ১৯ জনকে।