জয়পুরে আজ ব্রিকস-এর শিল্প ও বাণিজ্যমন্ত্রীদের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে অংশ নিতে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা জয়পুরে এসে পৌঁছেছেন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্ব বাণিজ্য, এমএসএমই, ডিজিটাল পরিষেবা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোকপাত করা হচ্ছে। এছাড়া নতুন শিল্প সম্ভাবনার জন্য সহযোগিতা জোরদার করা, ডিজিটাল বাণিজ্যের প্রসার এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাথে এই বৈঠকে অংশ নিচ্ছেন। জয়পুর বিমানবন্দরে পৌঁছানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে।