জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে উত্তর কোরিয়া আজ সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় অস্ত্র উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু নিক্ষেপ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী সপ্তাহ থেকে বড় মাপের বার্ষিক সামরিক মহড়া শুরু করার ঘোষণার দুদিন পরই েই নিক্ষেপের ঘটনা সামনে এসেছে। ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত এই মহড়ার লক্ষ্য, উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি আরও জোরদার করা।
উত্তর কোরিয়া অবশ্য এই যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এগুলি উত্তর কোরিয়ায় আগ্রাসনের মহড়া। অতীতেও এই ধরনের মহড়ার জবাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান উত্তর কোরিয়া থেকে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছিল। সেটিই ছিল জুন মাসের শেষের পর উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক অস্ত্র পরীক্ষা বলে জানা যায়।
তবে আজকের উৎক্ষেপণের বিষয়টি উত্তর কোরিয়া এখনও নিশ্চিত করেনি। যদিও এর আগে বিভিন্ন সময়ে অস্ত্র পরীক্ষা চালানোর একদিন পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।