July 19, 2026 4:27 PM

printer

জম্মু ও কাশ্মীরে আজ ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক স্থানে ভূমিধস ও আকস্মিক বন্যায় তিনজন মহিলা সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

জম্মু ও কাশ্মীরে আজ ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক স্থানে ভূমিধস ও আকস্মিক বন্যায় তিনজন মহিলা সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা  পুঞ্চ জেলার সুরানকোট তহসিল। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দিতে এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। নুনাবন্দি গ্রামে বাড়ি ধসে এক মহিলা নিহত হয়েছেন, তবে তার স্বামী ও তিন সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লোয়ার মুররাহ গ্রামে ভূমিধসে ছয়জনের একটি পরিবার নিখোঁজ হয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। মারহোটে গ্রামে জলস্রোতে ডুবে এক নাবালিকা মারা গেছে, অন্যদিকে ধুন্দাক লাথুং সেতুর কাছে জল স্রোত থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

  সারারাত ধরে অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরও আকস্মিক বন্যার কবলে পড়ে। বন্যার জলে বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হওয়ায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। উপচে পড়া নদীগুলির জলে কয়েক ডজন যানবাহন ভেসে  যায় । লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রাজৌরি ও পুঞ্চে ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার ও ত্রাণকাজে সমস্ত সংস্থা ক নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন।      

         কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। শ্রী শাহ ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।