চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আগামীকালই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। result.wb.gov.in, www.indiaresults.com, ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে।
এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। চতুর্থ সেমিস্টারে মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৯২০ জন। তার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৩৯ জন। গত সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার পর অক্টোবরে ফল প্রকাশ হয়। এবার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগ ফলের ভিত্তিতেই পূর্ণাঙ্গ মেধাতালিকা তৈরি এবং পাশ ও ফেল নির্ধারিত হবে।
সামগ্রিকভাবে প্রশ্নপত্র নিয়ে তেমন কোনও অভিযোগ ওঠেনি। তবে অঙ্ক পরীক্ষায় কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত হওয়ায় উত্তর দিলেই নম্বর দেওয়া হবে বলে সংসদ জানিয়েছিল।