চলতি বছরের ফুটবল বিশ্বকাপের জন্য ৪ টি নতুন নিয়ম ঘোষণা করেছে ফিফা। এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে জল পানের বিরতি থাকবে। ফিফা জানিয়েছে, আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতি অর্ধের মাঝে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। ভি এ আর-এর ক্ষমতা বাড়ানো হচ্ছে। আগে ভিএআর শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে পারত। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে দেখা যাবে। গোলকিক, থ্রো-ইন আর খেলোয়ার বদলির ক্ষেত্রে এবার কাউন্টডাউন শুরু হবে। কেউ বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। গোল রক্ষক যদি গোলকিক নিতে দেরি করে তাহলে তা হয়ে যেতে যাবে কর্নার, আর থ্রো-ইন চলে যেতে পারে অন্য দলের কাছে। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে এক মিনিট বাইরে থাকতে হবে।
প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে লাল কার্ড দেখানো হবে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে এ নিয়ে শাস্তি পেতে হয়েছিল। রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় তিনি মুখ ঢেকেছিলেন। পরে তাকে ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পরই এই নতুন নিয়ম চালু হল।
এছাড়া বিশ্বকাপে নতুন নিয়ম হয়েছে, সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখানো যাবে। দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলেও একই শাস্তি পাবেন। ফিফা এও জানিয়েছে, যে দল ম্যাচ পরিত্যাগ করবে তারা নীতিগতভাবে সেই ম্যাচ হেরে যাবে।