August 2, 2026 5:56 PM

printer

গ্লাসগো কমনওয়েলথ গেমসে, ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্র্যাক সাইক্লিংএ  আরও পদক জয়ের  সুযোগ থাকছে।

গ্লাসগো কমনওয়েলথ গেমসে, ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্র্যাক সাইক্লিংএ  আরও পদক জয়ের  সুযোগ থাকছে। পুরুষদের ১০০ কেজি বিভাগে অবতার সিং, পুরুষদের +১০০ কেজি বিভাগে যশ ঘাংগাস এবং মহিলাদের ৭৮ কেজি বিভাগে ইশরূপ নারাং ভারতের জুডো চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন, অন্যদিকে রোনাল্ডো লাইটনজাম ট্র্যাক সাইক্লিং-এর পুরুষদের ১,০০০-মিটার টাইম ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপনী দিনে প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বক্সিংয়ে রেকর্ড সাতটি স্বর্ণপদক জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে, ভারত ৩৯টি পদক – ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং নয়টি ব্রোঞ্জ – নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে।

বক্সাররা এই খেলায় ভারতের সর্বকালের সেরা কমনওয়েলথ গেমস অভিযান উপহার দিয়েছেন, সাতটি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক জিতে পদক তালিকার শীর্ষে উঠেছেন। জয়সমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংঘাস, সাক্ষী চৌধুরী এবং অরুন্ধতী চৌধুরী মহিলাদের বিভাগে শিরোপা জিতেছেন, অন্যদিকে পুরুষদের বিভাগে স্বর্ণপদক পেয়েছেন শচীন সিওয়াচ এবং অঙ্কুশ পাঙ্ঘাল।

অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাইন মহিলাদের ৭৫ কেজি বিভাগে রৌপ্য পদক পেয়েছেন, অন্যদিকে, পুরুষদের নিজ নিজ ওজন শ্রেণিতে জাদুমণি সিং এবং নরেন্দ্র বেরওয়ালও রানার-আপ হন।

কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশের  ক্রীড়াবিদরা ইতিহাস সৃষ্টি করেছেন; তাঁরা মোট চারটি পদক জিতেছেন। হর্ষ সিং এবং অস্মিতা দে এই গেমসে ভারতের প্রথম জুডো স্বর্ণপদকজয়ী হওয়ার গৌরব অর্জন করেন, পাশাপাশি যামিনী মৌর্য রৌপ্য এবং উন্নতি শর্মা ব্রোঞ্জ পদক পান।